ইলিশ ছাড়াই এবার বৈশাখী উৎসব উদ্যাপন করবে চট্টগ্রাম জেলা প্রশাসন। জাটকা ও মা ইলিশ রক্ষার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা প্রশাসন। এদিকে আজ অভিযান চালিয়ে পাঁচ হাজার জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, এখন জাটকা ও মা ইলিশ ধরা পড়ছে। তাই ইলিশ রক্ষার স্বার্থে জেলা প্রশাসনের আয়োজনে এবার ইলিশের কোনো আইটেম রাখা হবে না। তবে অন্যান্য সব আয়োজন থাকবে।
জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পয়লা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়া একটি সাম্প্রতিক প্রচলন। ঐতিহাসিকভাবে এর পক্ষে কোনো জোরালো উদাহরণ পাওয়া যায় না। সম্প্রতি পয়লা বৈশাখকে কেন্দ্র করে জাটকা নিধন করা হচ্ছে। নিষিদ্ধ জেনেও বেশি দামে বিক্রির জন্য এ অপরাধ করে যাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। তাঁরা এ সময় ইলিশের দামও মাত্রাতিরিক্তভাবে বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে আজ সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নগরের ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার জাটকা ইলিশ জব্দ করে। যার ওজন প্রায় ১০০ কেজি। এ অভিযান পরিচালনা করেন নির্বাহী হাকিম তাহমিলুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অনেক ব্যবসায়ী ফিশারিঘাট থেকে পালিয়ে যান। জব্দ করা ইলিশের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। জাটকা নিধন ও বিপণনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এম আর





