আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় রাতের টিফিন খেয়ে অন্তত ৪০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শ্রমিকদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চলের গণকবাড়ি এলাকার অলি নিট ওয়্যার লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, প্রতিদিনের ন্যায় রাতে কারখানা কর্তৃপক্ষ রাতের টিফিন হিসেবে ডিম, রুটি ও কলা খেতে দেয়। ওই টিফিন খাওয়ার পরপরই বেশ কয়েকজন শ্রমিক বমি করতে শুরু করে এবং কয়েকজন মাথাঘুরে মেঝেতে পড়ে যায়। পরে কারখানা কর্তৃপক্ষ ও অন্যান্য শ্রমিকরা অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে দ্রুত স্থানীয় পল্লীবিদ্যুৎ এলাকার গণি জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠায়।
শিল্প পুলিশ-১ সাভার ও আশুলিয়া জোনের পরিচালক পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, কয়েকজন শ্রমিক অসুস্থ হওয়ার খবর তিনি শুনেছেন। তবে কি কারণে শ্রমিকরা অসুস্থ হয়েছে সে বিষয়ে তিনি নিশ্চত করে বলতে পারেননি।
এমবি





