নরসিংদীর মাধবদী শেকেরচর এলাকা থেকে রিমি নামের তিন বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। দুই দিন আগে আশুলিয়ার কুমকুমারী এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। এ সময় অপহরণ চক্রের সাথে জড়িত আরিফ নামের এক যুবককে আটক করে পুলিশ।
বুধবার দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান ।
পুলিশ জানায়,গত ২৯ জুন ইফতার শেষে রিমিদের বাসায় গিয়ে কৌশলে তাকে নিয়ে পালিয়ে যায় কুমকুমারী এলাকার স্থানীয় একটি টেইলার দোকানের কর্মচারী মামুন। পরে মোবাইল ফোনে রিমির বাবার থেকে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে মামুন।
বিষয়টি পুলিশকে জানানো হলে মামুনের মোবাইল ফোন ট্র্র্যাকিং করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল নরসিংদীর মাধবদী শেকেরচর এলাকা থেকে রিমিকে উদ্ধার করে।
এ সময় অপহরণ চক্রের সাথে জড়িত আরিফ নামের মামুনের এক সহযোগীকে আটক করে পুলিশ। রিমি কুমকুমারী এলাকার মুদি দোকানদার আব্দুর রশিদের মেয়ে।
পুলিশের পক্ষ থেকে অপহরণ চক্রের মূল হোতা মামুনকে আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানান ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান।
জেআই





