পারিবারিক কলহের জের ধরে মানিকগঞ্জে মা-মেয়ের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টাকালে শুধু মায়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মায়ের নাম নবীরন বেগম (৫৫) তার স্বামীর নাম হযরত আলী এবং তাদের মেয়ের নাম রিমা আক্তার (২৬) ।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে ঢাকার ধামরাই উপজেলার মহিষাশী গ্রামের মোশারফ হোসেনের সঙ্গে হযরত আলীর মেয়ে রিমার বিয়ে হয়। দাম্পত্যকলহের জের ধরে তিন বছর আগে মোশারফ ও রিমার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে রিমা তার বাবার বাড়িতে থাকে এবং ছয় বছরের মেয়ে আনিকা আক্তার তার বাবার কাছে থাকে।

বাবার বাড়িতে থাকায় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মা নবীরন ও মেয়ে রিমার মাঝে মধ্যে ঝগড়া হতো। শুক্রবার সকালে শিশুমেয়ে আনিকাকে দেখতে ধামরাইয়ের মহিষাশী গ্রামে যেতে চাইলে রিমাকে বাধা দেয় নবীরন। এ নিয়ে মা নবীরন ও মেয়ে রিমার মধ্যে ঝগড়া হয়।

স্থানীয় জাগীর ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক এবং প্রতিবেশীরা জানান, এই ঝগড়ার জের ধরে ঘরের একটি কক্ষে গলায় রশি নিয়ে ফাঁস নেন নবীরন। এর পরপরই মেয়ে রিমাও পাশের কক্ষে ওড়না দিয়ে গলায় ফাঁস নেন। পরে ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় নবীরনের মরদেহ ও মুমূর্ষু অবস্থায় রিমাকে উদ্ধার করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি রকিবুজ্জামান বলেন, খবর পেয়ে বিকেলে বাড়ি থেকে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। গুরুতর অবস্থায় ওই হাসপাতালে মেয়েকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

জেড