কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পানিরছড়ার ঢালা এলাকা থেকে অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে যাওয়ার সময় তিন ব্যক্তিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। ওই তিনজন একটি অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে চট্টগ্রাম থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে যাচ্ছিলেন।
অপহরণকারীরা রোগী ও চালককে অ্যাম্বুলেন্সে ফেলে ওই ব্যক্তিদের অপহরণ করে নিয়ে যায়। তাঁদের এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।
অপহৃত ব্যক্তিরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের সাবেক সদস্য আবু তৈয়ুব (৪৫), একই ইউনিয়নের যৌথ খামারপাড়ার আবু ছিদ্দিক (২৫) ও চকরিয়ার চিরিঙ্গা এলাকার শাহ আলম (২৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আবদুল মজিদ বলেন, পাহাড়ের ভেতর দিয়ে যাওয়া ‘ঈদগাহ-ঈদগড়-বাইশারী’ সড়কে সন্ধ্যার পর থেকে যানবাহন চলাচল বন্ধ থাকে। রাতে জরুরি প্রয়োজনে কেউ চলাচল করলে পুলিশের সহযোগিতা নেন।
কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে গভীর রাতে রোগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশকে জানানো হয়নি। পুলিশ অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধারের জন্য জঙ্গলে অভিযান চালাচ্ছে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, অপহৃত তিন ব্যক্তি চট্টগ্রাম থেকে রাতে একটি অ্যাম্বুলেন্সে করে বাইশারীর উদ্দেশে রওনা দেন। অ্যাম্বুলেন্সে ছিলেন অপহৃত আবু ছিদ্দিকের বাবা আবুল ফজল। তিনি অসুস্থ ছিলেন।
অ্যাম্বুলেন্সটি ঈদগাহ এলাকায় ভোররাত সাড়ে তিনটার দিকে পৌঁছায়। এরপর সেখান থেকে নাইক্ষ্যংছড়ির বাইশারী যাওয়ার বিকল্প সড়ক (ঈদগাহ-ঈদগড়-বাইশারী) দিয়ে বাড়ির পথে রওনা দেন।
ভোর চারটার দিকে অ্যাম্বুলেন্সটি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পানিরছড়ার ঢালায় (পাহাড়ি এলাকা) পৌঁছালে আট-দশজনের অস্ত্রধারী একটি দল তাঁদের জিম্মি করে। তারা রোগী ও চালককে অ্যাম্বুলেন্সে রেখে অপর তিনজনকে জঙ্গলের দিকে নিয়ে যায়।
ঈদগড় ইউপির চেয়ারম্যান ফিরোজ আহমদের তথ্যমতে, এই সড়কে ডাকাতদের উৎপাত লেগেই আছে। মুক্তিপণের জন্য ডাকাতদল লোকজনকে অপহরণ করে। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
তিনি জানান, অপহরণ-আতঙ্কে দিনের বেলায় পুলিশ পাহারায় যানবাহন চলাচল করলেও সন্ধ্যার পর এই সড়কে যোগাযোগ বন্ধ থাকে।
বাইশারী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য অ্যাম্বুলেন্সের চালক আবদুর রহিমকে আটক করেছে পুলিশ। অ্যাম্বুলেন্সটিও ফাঁড়িতে রাখা হয়েছে।
এমআর





