ইফতার, সেহরি ও তারাবি নামাজের সময় বরিশালের আগৈলঝাড়ায় ঘনঘন লোডশেডিংয়ের কারণে পল্লীবিদ্যুতের আঞ্চলিক অফিস ঘেরাও করেছে গ্রাহকরা।

শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পল্লীবিদ্যুৎ অফিসটি ঘেরাও করে রাখা হয়।

অফিস ঘেরাওয়ের সময় গ্রাহকদের তোপের মুখে পালিয়ে যান ডিজিএম মোবাশ্বর আলী। পরে এজিএম’র আশ্বাসের পরিপ্রেক্ষিতে ঘেরাও কর্মসূচি তুলে নেন বিক্ষুব্ধ গ্রাহকরা।

গ্রাহকরা জানান, এক সপ্তাহ ধরে বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ের কারণে আগৈলঝাড়া আঞ্চলিক অফিসের আওতায় থাকা ৩০ হাজার গ্রাহক পড়েন দুর্ভোগে। বিশেষ করে রোজা শুরুর পর থেকে এ লোডশেডিং আরও বৃদ্ধি পায়।

ইফতার, সেহরি এমনকি তারাবি নামাজের সময়ও বিদ্যুৎ পাচ্ছে না আগৈলঝাড়াবাসী। এতে ক্ষুব্ধ গ্রাহকরা আগৈলঝাড়া পল্লী বিদ্যুতের আঞ্চলিক অফিস ঘেরাও করে। তারা ইফতারি, সেহরি ও তারাবির নামাজের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার দাবি জানান।

বরিশাল পল্লীবিদ্যুতের জেনারেল ম্যানেজার (জিএম) হেম চন্দ্র বৈদ্য বলেন, হঠাৎ করে গৌরনদীতে একটি ট্রান্সমিটার নষ্ট হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। ওই ট্রান্সমিটারটি মেরামত করা হয়েছে।

এসএইচ