রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ইমরান দেওয়ান (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আল-রাফি (১৬) নামের আরও একজন আহত হয়েছে।
রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে রাফিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সেখান থেকে রাফির আত্মীয়-স্বজন তাকে অন্য হাসপাতালে নিয়ে যান।
রাফির বাবা কামাল হোসেন জানান, রাফি বর্তমানে গ্রীন রোডের নিউ লাইফ হাসপাতালের আইসিইউতে আছে। নিহত ইমরান ও আহত রাফি দুজনই ভুলতা এলাকার মজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
নিহত ইমরান নারায়গঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার শাহ আলমের ছেলে।
ঢাকা বিমানবন্দর রেল স্টেশন পুলিশ ফাঁড়ির (এএসআই) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার নারায়ণগঞ্জ থেকে ৫ বন্ধু কুড়িলে ঘুরতে যায়। সেখানেই বিশ্বরোড সংলগ্ন রেললাইনে মোবাইলে সেলফি তোলার সময় অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় দুইজন আহত হয়। অপর তিন বন্ধু তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে ইমরানের মৃত্যু হয়।
পরে আহত অবস্থায় আল রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তার আত্মীয়-স্বজন উন্নত চিকিৎসার জন্য তালে আরেক হাসপাতালে নেন। রাফির অবস্থাও আশঙ্কাজনক বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
আইনি প্রক্রিয়া শেষ করে ইমরানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এএস





