লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুতের জোনাল অফিসে ঢুকে তিন কর্মচারীকে মারধর করেছে উত্তেজিত বিদ্যুৎ গ্রাহকরা। এ সময় বিদ্যুতের ২৫ কেভির একটি ট্রান্সফরমার ও লাইনম্যানদের বৈদ্যুতিক হট-স্টিক ক্ষতিগ্রস্ত করা হয়।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে গ্রাহকরা এ হামলা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিদ্যুৎ অফিসে পুলিশ পাহারা বসানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টা থেকে পৌরসভার কাজিরখিল এলাকার ইউনুছ পণ্ডিত বাড়িসহ কয়েকটি বাড়িতে বিদ্যুৎ নেই। বিষয়টি বিদ্যুৎ অফিসে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে গ্রাহকদের অভিযোগ।

এতে উত্তেজিত ১৫-২০ জন গ্রাহক ঘটনার সময় বিদ্যুৎ অফিসে আসে। তারা অফিসের নিরাপত্তাকর্মী আবুল হোসেন, টেকনিশিয়ান (এলটি) মো. তোজাম্মেল হোসেন এবং লাইনম্যান (এলএম-২) সাইফুল ইসলামকে মারধর করে। পরে তারা একটি ট্রান্সফরমার ও লাইনম্যানদের বৈদ্যুতিক হট-স্টিক ভাঙচুর করে। পরে কার্যালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীরা আহতদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

রামগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ইছমত কামাল বলেন, "বিদ্যুতের যান্ত্রিক ত্রুটির কারণে কাজিরখিল এলাকায় লোডশেডিং ছিল। এ কারণে উশৃঙ্খল লোকজন এ হামলা চালিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রামগঞ্জ থানার ওসি তোতা মিয়া বলেন, "অফিসে ঢুকে কর্মচারীদের মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। ফের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।"

এমই