গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাগবাড়ি চরে সশস্ত্র ডাকাত দল গ্রামের বিভিন্ন বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও ৪৬টি গরু ও অন্যান্য মালামাল লুট করেছে। এ ঘটনায় ফুলছড়ি থানায় বুধবার দুপুরে একটি মামলা দায়ের হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে গ্রামের বিভিন্ন বাড়িতে হামলা চালিয়ে ৪৬টি গরু ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় সশস্ত্র ডাকাত দল। এসময় তারা কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর করে। গ্রামের লোকজন তাদের বাঁধা দিলে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
পুলিশ ও ভূক্তভোগীরা জানান, ৪৫-৫০ জনের ডাকাত দলটি নৌকায় করে চরে নেমে বাড়িতে বাড়িতে হামলা চালায়, বাড়ির লোকজনকে বন্দুক, ধারালো অস্ত্র এবং লাঠি দেখিয়ে ভীতির সৃষ্টি করে। ডাকাত দল এসময় জাবেদা বেগমের ৪টি, মালেক উদ্দিনের ২টি, আমজাতের ৪টি, জাহিদুল ইসলামের ১৬টি, আহেদ আলীর ৩টি, তমিছ উদ্দিনের ৭টি ও আরশাফ মিয়ার ১০টি গরু ও অন্যান্য মালামাল লুট কুরে নিয়ে যায়।
এ ব্যাপারে বুধবার ফুলছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি এবং কোন মালামালও উদ্ধার করা সম্ভব হয়নি।
এমএ





