পহেলা বৈশাখের আনন্দ উদযাপন নির্বিঘ্ন করতে রাজধানীর রমনা ও শাহবাগে ব্যাগ হাতে নিয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সে বিবেচনায় যারা রমনার বটমূল ও শাহবাগে বৈশাখের অনুষ্ঠানের শরিক হতে আগ্রহী, তাদের ব্যাগ ছাড়াই আসার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি এই পরামর্শের পাশাপাশি রমনা ও শাহবাগ এলাকায় যানবাহন চলাচলও কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। বৃহস্পতিবার ভোরে রমনা ও শাহবাগ সংলগ্ন কয়েকটি মোড় ঘুরে দেখা যায়, অন্য দিনে বিশাল রাজপথে যানবাহনের দাপুটে ছোটাছুটি থাকলেও আজ সে পথ দখলে নববর্ষ উদযাপনে শাহবাগ ও রমনামুখী মানুষের। এই ফাঁকা রাস্তায় অনেককে তাই সেলফি তুলতেও ব্যস্ত দেখা যায়।
তবে, ব্যাগ হাতে প্রবেশে কড়াকড়ি নিয়ে কয়েকটি স্পটে বচসা হতেও দেখা যায়। বিশেষত দিনভর অনুষ্ঠান উপভোগ করার জন্য যারা ব্যাগে শুকনো খাবার ও পানীয় এনেছেন তারা বাকবিতণ্ডায়ও লিপ্ত হচ্ছিলেন আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে।
এদিকে, নববর্ষ উদযাপনে রাজধানী ঢাকার সব পথ মিলেছে যেন রমনা-শাহবাগে। রমনার বটমূলে বর্ষবরণ ও শাহবাগে চারুকলার সামনে থেকে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে ভোর থেকেই এখানে দল বেঁধে আসতে শুরু করেছে সব শ্রেণি-পেশার মানুষ। আর এই উৎসবে ভোর থেকেই পথে পথে দেখা মেলে ভ্রাম্যমান কিছু হকারের
অন্যদিকে, রাজধানীতে নববর্ষ উদযাপন নির্বিঘ্ন ও যান চলাচল স্বাভাবিক রাখতে কিছু নির্দেশনা দিয়েছে ডিএমপি। নির্দেশনা অনুযায়ী-
*কারওয়ান বাজার-বাংলা মোটর থেকে আসা যেসব যাত্রীবাহী বাস গুলিস্তান কিংবা সায়েদাবাদ-যাত্রাবাড়ী যাবে, সেসব যাত্রীবাহী বাস হোটেল সোনারগাঁও ক্রসিং থেকে বামে মোড় নিয়ে রেইনবো ক্রসিং হয়ে মগবাজার দিয়ে সোজা মালিবাগ মোড় হয়ে গন্তব্যে যাবে অথবা অন্যান্য পরিবহন হোটেল সোনারগাঁও থেকে সোজা এসে বাংলামোটর ক্রসিংয়ে বামে মোড় নিয়ে মগবাজার সোজা গিয়ে মৌচাক-মালিবাগ হয়ে গন্তব্যে যাবে এবং আসবে।
*মিরপুর রোডের উত্তর দিক থেকে যেসব গাড়ি মতিঝিল-সায়েদাবাদ-যাত্রাবাড়ী-শ্যামপুর যাবে, সেসব রুটের গাড়ি মোহাম্মদপুর-সাইন্সল্যাব-নিউমার্কেট-নীলক্ষেত-বেবী আইসক্রিম মোড়-ঢাকেশ্বরী মন্দির-বক্শীবাজার-চাঁনখারপুল দিয়ে গুলিস্তান হয়ে গন্তব্যে যাবে এবং আসবে।
*টঙ্গী-এয়ারপোর্ট থেকে যেসব রুটের গাড়ি গুলিস্তান ও সায়েদাবাদ যাতায়াত করে, সেসব রুটের গাড়ি টঙ্গী-বিমানবন্দর-প্রগতি সরণি দিয়ে বামে মোড় নিয়ে বিশ্বরোড হয়ে মালিবাগ রেলক্রসিং বামে মোড় ধরে খিলগাঁও ফ্লাইওভার হয়ে গন্তব্যে যাবে এবং আসবে।
*ধামরাই, মানিকগঞ্জ, গাবতলী থেকে যেসব রুটের গাড়ি গুলিস্তান-ফুলবাড়ীয়ায় যাতায়াত করে, সেসব রুটের গাড়ি মানিকগঞ্জ-ধামরাই-গাবতলী-মিরপুর রোড ধরে সাইন্সল্যাব হয়ে সোজা নিউমার্কেট-নীলক্ষেত ক্রসিং-আজিমপুর-বেবী আইসক্রিম- গোরশাহ্ মাজার হয়ে বামে মোড় নিয়ে ঢাকেশ্বরী মন্দির-বক্শিবাজার-চাঁনখারপুল ধরে গন্তব্যে যাবে এবং আসবে।
যেসব রাস্তায় যান চলাচল বন্ধ
*বাংলামটর-পুরাতন এলিফ্যান্ট রোড ও টেলিযোগাযোগ ভবন ক্রসিং-রূপসী বাংলা ক্রসিং
*বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল বিশ্ববিদ্যাল ক্রসিং-মৎস্য ভবন-কদমফুল ক্রসিং-হাইকোর্ট ক্রসিং পর্যন্ত
*রূপসীবাংলা ক্রসিং-মিন্টো রোড-বেইলী রোড-হেয়ার রোড-কাকরাইল মসজিদ ক্রসিং বামে মোড়-চার্চ ক্রসিং-মৎস্য ভবন ক্রসিং পর্যন্ত
*নীলক্ষেত ক্রসিং থেকে টিএসসি ক্রসিং
*পলাশী মোড় থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর ক্রসিং
*বক্শীবাজার থেকে জগন্নাথ হল হয়ে টিএসসি ক্রসিং
বর্ষবরণ অনুষ্ঠানে আগত যানসমূহ যেসব স্থানে পার্কিং করবে
*নেভি গ্যাপ থেকে পুরাতন এলিফ্যান্ট রোড (উত্তর দিক থেকে আসা গাড়িসমূহ)
*জিরো পয়েন্ট থেকে আব্দুল গণি রোড (পূর্ব দিক থেকে আসা গাড়িসমূহ)
*মৎসভবন থেকে সেগুনবাগিচা/কার্পেট গলি (পূর্ব দিক থেকে আসা গাড়িসমূহ)
৪। জগন্নাথ হল থেকে পলাশী (দক্ষিণ/পশ্চিম দিক থেকে আসা গাড়িসমূহ)
৫। কার্জন হল থেকে আব্দুল গণি রোড (দক্ষিণ দিক থেকে আসা গাড়িসমূহ)
৬। কার্জন হল থেকে ফুলবাড়ীয়া (দক্ষিণ দিক থেকে আসা গাড়িসমূহ)
৭। বেইলী রোড (ভিআইপি গাড়ি পার্কিং)
৮। কাঁটাবন থেকে পলাশী (পশ্চিম দিক থেকে আসা গাড়িসমূহ)
৯। মিন্টো রোড (মিডিয়া গাড়ি পাকিং)
এইচ ই





