রাজধানীর মহাখালীতে নির্মিত মহাখালী ডিএনসিসি মার্কেট নির্মাণকাজ শেষ ২০১৩ সালে। চালু হয়নি এখনও। কারওয়ান বাজারের ব্যবসায়ীদের কাছে স্থানান্তরের উদ্দেশ্যে এই মার্কেটটি করা হয়। তবে কয়েক দফা বিজ্ঞপ্তি দিয়েও পাওয়া যাচ্ছে না দোকান বরাদ্দের আবেদন।  যে কয়েকটি পাওয়া গেছে, তাও মোট দোকানের তুলনায় অপ্রতুল।

তাই আপাতত করোনাভাইরাস সংক্রমণের চিকিৎসা কেন্দ্র হতে যাচ্ছে ডিএনসিসির এই মার্কেটটি। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আগামী চার সপ্তারের মধ্যে তিন হাজার শয্যার হাসপাতালে রূপান্তর করা হবে এই মার্কেট।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসান গণমাধ্যমকে বলেন, আমরা কুর্মিটোলা হাসপাতালকে খুব দ্রুত কোভিড (করোনাভাইরাস) হাসপাতালে রূপান্তরিত করব। আমরা এটিকে ১ হাজার বেড বানিয়ে ফেলব। এছাড়া দুইশ ভেন্টিলেটর বসানো হবে।

তিনি বলেন, মহাখালীতে ডিএনসিসির যে মার্কেট আছে, আমরা তা নিয়ে নেয়ার পরিকল্পনা করছি। সেখানে প্রায় তিন হাজার রোগী রাখা যাবে। এছাড়া বড় বড় জায়গাগুলোকে আমরা হাসপাতাল বানানোর পরিকল্পনা হিসেবে হাতে নিয়েছি।

বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা চলছে কুয়েত মৈত্রী হাসপাতালে। নির্ধারণ করা হয়েছে আরও ৭টি হাসপাতাল, যেখানে শুধু করোনা রোগীদেরই চিকিৎসা দেয়া হবে। আর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং সংক্রামক ব্যাধি হাসপাতালে কিছু অংশ করোনা রোগীদের চিকিৎসায় বরাদ্দ রাখা হয়েছে।

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বর্তমানে বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলের মানুষ আক্রান্ত হয়েছে।

এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৭৪০ জন। অপরদিকে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩০ হাজার ৮৭৯ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪২ হাজার ১৮৩ জন।

বাংলাদেশসহ বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনাভাইরাস।

এমবি