আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহরতলীর মান্দারতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নামপরিচয় জানা যায় নি। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ববিরোধের জের ধরে দুপুরে শহরের মোহাম্মদপাড়ার বাসিন্দা ও পৌর কমিশনার সোহেল এবং বোড়াশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ভাই তুষারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ওই এলাকার বেশ কয়েকটি দোকানঘর ভাঙচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে কমপক্ষে ১০ জন আহত হন।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক সেলিম রেজা জানান, পরিস্থিতি এখন শান্ত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
কেএইচ





