দিনাজপুর শহরে অগ্নিকাণ্ডে খাবারের হোটেলসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। এসময় আইনুল হক (১৬) নামে হোটেলের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের হাউজিং মোড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

দিনাজপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা একেএম মোর্শেদ জানান, দুটি ইউনিট গিয়ে সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, শহরের হাউজিং মোড়ে ইসলামি কমিউনিটি হাসপাতালের সামনের একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়।

এ সময় ভেতর থেকে তালাবদ্ধ থাকায় দ্রুত বের হতে না পেরে হোটেল কর্মচারী আইনুল আগুনে পুড়ে মারা যান।

অগ্নিনির্বাপক বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণের আগেই হোটেলের পাশের আরও চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায় বলে জানা গেছে।

অগ্নিনির্বাপণ কর্মকর্তা একেএম মোর্শেদ বলেন, হোটেলের চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি।

জেএ