নওগাঁর আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত রবীন্দ্র কাচারিবাড়ি পরিদর্শন করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসুরায় চৌধুরীসহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল।
দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন : ওই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও চিফ ইঞ্জিনিয়ার ড. ভাস্কর সেনগুপ্ত, বাংলাদেশ বিদ্যাচর্চা কেন্দ্রের অধিকর্তা ড. চিত্ত মণ্ডল, রবীন্দ্রভারতীর প্রদর্শনশালার অধ্যক্ষ ইন্দ্রানী ঘোষ ও অধ্যাপক পরাগ রায়।
বুধবার দুপুরে এ প্রতিনিধিদল আত্রাইয়ে রবীন্দ্র কুঠিবাড়ি চত্বরে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান স্থানীয় সংসদ সদস্য মো. ইসরাফিল আলম, প্রাক্তন এমপি ওহিদুর রহমান প্রমুখ।
এসময় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল পতিসর কাচারিবাড়িতে সংরক্ষিত রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র ঘুরে ঘুরে দেখে।
পরে পতিসর রেস্টহাউস মিলনায়তনে এক মতবিনিময় সভায় অধ্যাপক সব্যসাচী বসুরায় চৌধুরী বলেন, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সঙ্গে পতিসরের সেতুবন্ধে আমরা আগ্রহী।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





