রাজধানীর মিরপুরের ভাসানটেক এলাকার একটি বাসায় দুর্ধর্ষ ডাকাতির সময় বাসার মালিককে কুপিয়ে হত্যা করেছে ডাকাতরা। নিহতের নাম মনছুর আলী(৬০)।
পূর্ব ভাসানটেক এলাকার ২৬৩ নং বাসায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে টাইমনিউজবিডিকে জানিয়েছেন ভাসানটেক থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ।
তিনি বলেন, সন্ধা সাড়ে ৭টার দিকে ৭/৮ জনের একটি দুর্ধর্ষ ডাকাত দল ওই বাসাটিতে প্রবেশ করে দামি মালামাল ও নগদ টাকা লুট করে।
এসময় ওই বাসায় উপস্থিত ছিলেন মনছুর আলী। তিনি ডাকাতির কাজে বাধা দেয়ায় তাকে কুপিয়ে ডাকাতরা চলে যায়।
পরে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান মনছুর আলী।
তিনি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে ক্রাইমে ব্যবহৃত চাপাতিসহ কিছু মালামাল জব্দ করা হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমআর/এমকে





