নবম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ভৌতিক নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সুজনের পক্ষ থেকে এ কথা বলা হয়।
এই নির্বাচনকে ভৌতিক নির্বাচন বলার কারণ হিসেবে বেসরকারি সংস্থাটি বলেছে, এই নির্বাচনে প্রকৃত ভোটাররা ভোট দিতে পারেননি। অনেক জায়গায় মৃত ভোটাররাও ভোট দিয়েছেন, অর্থাৎ তাঁরা ভূত হয়ে ভোট দিয়েছেন।
এ ছাড়া সন্ত্রাস-কারচুপি কত ধরনের হতে পারে, তা এই নির্বাচনে দেখা গেছে। এসব কারণ বিবেচনায় এটি একটি ভৌতিক গণতান্ত্রিক নির্বাচন হিসেবে দেখা দিয়েছে।
সুজন বলছে, পাকিস্তান আমলে নির্বাচনে পর আইয়ুব খান সেটিকে মৌলিক গণতন্ত্র বলে উল্লেখ করেছিলেন। আর এই সরকার যে নির্বাচন দিচ্ছে, তা দেশবাসীকে ভৌতিক গণতান্ত্রিক নির্বাচন উপহার দিচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুজনের সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। তিনি বলেন, এই নির্বাচনব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ছে। এই ভাঙন রোধ করতে হলে জাতীয় সংলাপ প্রয়োজন। সরকার, নাগরিক সমাজ ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এই জাতীয় সংলাপ অনুষ্ঠিত হতে হবে।
ইউপি নির্বাচন প্রসঙ্গে সংস্থাটি বলেছে, এই নির্বাচনে ১৪৫ জন নিহত হয়েছে। আর আহত হয়েছে সাড়ে ১১ হাজার মানুষ।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সুজনের সভাপতি এম হাফিজ উদ্দিন খান।
এফএফ





