কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোচালকসহ আরও চারজন আহত হয়েছেন।

রোববার (০৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের ধরলা সেতুর পূর্ব পাড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাবিবুর রহমান হাবিবুল্লাহ (২৫) ও রাবেয়া বেওয়া (৬৩)। রাবেয়া বেওয়া নাগেশ্বরী উপজেলার নওদাবশ ভাঙামোড় এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এনামুল হক গেন্দুর স্ত্রী এবং হাবিবুল্লাহ নাগেশ্বরী উপজেলার কাচারি পয়রাডাঙা গ্রামের মাসুদুর রহমান বাবুর ছেলে।

নিহত দুই যাত্রীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে এবং গুরুতর আহত অপর দুইজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো: শাহরিয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাক্টরটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এমবি