ময়মনসিংহে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব-১৪। ওই কারখানা থেকে বিদেশি অস্ত্র, গুলি, ম্যাগজিন ও অস্ত্র তৈরির বিপুল পরিমণ সরঞ্জামসহ সোহেল (২২) ও হাবিব (২৫) নামে দুই যুবককে আটক করা হয়েছে। তবে অস্ত্র তৈরি ও ব্যবসার মুল হোতা বাড়ির মালিকের ছেলে নুরুদ্দিন পালিয়ে গেছে বলে র্যাব জানিয়েছেন।
বুধবার (২৯ নভেম্বর) মধ্যরাত ১টার দিকে নগরীর আকুয়া ভাঙাপুলের মিলনভাগ এলাকায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১৪ এর একটি টিম।
অভিযানের নেতৃত্বদানকারী র্যাব-১৪ অধিনায়ক লেঃ কর্নেল মো শরীফুল ইসলাম বুধবার সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাথমিকভাবে একটি সুরক্ষিত কক্ষের চৌকির ওপর থেকে উদ্ধার করা হয়েছে ৪টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন, ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম।
তিনি অারও জানান, বুধবার রাত ১টার সময় নগরীর আকুয়া নাসিরাবাদ কলেজ মাঠ সংলগ্ন মিলনবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালায় র্যাব-১৪। এসময় দৌড়ে পালানোর সময় সোহেলকে আটক করা হয়। পরে আটক করা হয় হাবিবকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই এলাকার মইনুদ্দিনের বাসা ভাড়া নিয়ে অস্ত্র তৈরি ও বিক্রয়ের কথা স্বীকার করেছেন।
র্যাবের ধারণা আরও অস্ত্র ও সরঞ্জাম পাওয়ার সম্ভবনা রয়েছে। তল্লাশী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।





