কাজের জন্য দৈনিক বা মাসিক বেতনের ভিত্তিতে নিয়োগ নতুন কিছু নয়। কিন্তু এবার চুরির জন্য মাসিক বেতনে নিয়োগের ঘটনা ঘটেছে রাজধানীর আরামবাগে। পুলিশ এ কথা জানিয়েছে।

পুলিশ বলছে, চুরির জন্য নিয়োগ পাওয়া এমন নয়জনকে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। তাদের মাসিক বেতন ছিল সাত থেকে আট হাজার টাকা।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার আরিফুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি কক্সবাজারের চকরিয়া। তারা সাহায্য চাওয়ার নাম করে বিভিন্ন বাসায় গিয়ে সুযোগ বুঝে মুঠোফোন ও ল্যাপটপ চুরি করত। তাদের কাছ থেকে ১৯টি মুঠোফান ও ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার নয়জনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আরিফুল ইসলাম বলেন, এই চক্রের মূল হোতার বাড়িও চকরিয়ায়। তিনি কিছুদিন আগে গ্রামের বাড়ি যান। এরপর কাজ দেওয়ার কথা বলে গ্রামের চার কিশোরসহ নয়জনকে ঢাকায় আনেন। ঢাকায় এসে তারা আরামবাগে এক মাসের জন্য একটি বাসা ভাড়া নেয়। ওই বাসায় ওই নয়জনকে চুরির জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ইফতার ও তারাবির নামাজের সময় চুরি করত। দুই-তিন করে দলে বিভক্ত তারা বিভিন্ন বাসায় ও বিপণিবিতানে যেত। এরপর সুযোগ বুঝে বাসা বা বিপণিবিতান থেকে মুঠোফোন ও ল্যাপটপ নিয়ে সটকে পড়ত। চুরি করে আনা মালামাল তারা চক্রের মূল হোতার কাছে
জমা দিত।

তবে গ্রেপ্তার না হওয়ায় চক্রের মূল হোতার নাম প্রকাশ করেনি পুলিশ।

চক্রের সন্ধান কীভাবে পেলেন? এই প্রশ্নের জবাবে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আরামবাগ এলাকার একটি বাসায় মুঠোফোন ও ল্যাপটপ চুরির সঙ্গে জড়িত একটি চক্র রয়েছে। তারা বিভিন্ন বাসায় সাহায্য চাওয়ার নামে গিয়ে মুঠোফান ও ল্যাপটপ চুরি করে। পরে গত মঙ্গলবার বিকেলে আরামবাগের একটি বাসায় অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করা হয়। এই চক্রের সঙ্গে আরও দুই-তিনজন জড়িত। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা করা হয়েছে।

চার কিশোর ছাড়া গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন মো. সুহেল (৩৫), মো. হেলাল (১৯), আরাফাত (১৮), মানিক রহমান (১৮) ও হেলাল (১৮)।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রব্বানী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের গত মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছিল। আদালত প্রাপ্তবয়স্ক পাঁচ আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। অপ্রাপ্তবয়স্ক চারজনকে টঙ্গীর কিশোর উন্নয়নকেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

জারিফ