আবারও মায়ের ক্ষমতা জোরে পুলিশের হাত থেকে ছাড়া পেয়েছেন মাদকসেবী রাশেদ সরোয়ার রুমন। সংরক্ষিত নারী আসনের সাতক্ষীরার সংসদ সদস্য রিফাত আমিনের ছেলে রুমন ইয়াবা খাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন। কিন্তু মায়ের প্রভাবে তিনি ছাড়া পেলেন।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় পাঁচ সহযোগী নিয়ে শহরতলির নবাদকাটির মিঠু খানের বাগানবাড়ি বসে রুমন ইয়াবা খেয়ে ফুর্তি করার সময় ধরা পড়েন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রুমনকে বেসামাল অবস্থায় আটক করে।

মাদকাসক্ত পাঁচ যুবকসহ তাকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে সংসদ সদস্য রিফাত আমিনের সুপারিশে গভীর রাতে পুলিশ রুমন ও তার সহযোগীদের ছেড়ে দিতে বাধ্য হয়। তবে পুলিশ বলেছে, রুমনকে গ্রেফতার করার মতো আইনগত ভিত্তি ছিল না।

জানা গেছে, সৌদি আরবে দীর্ঘদিন থাকার পর রুমন দেশে ফিরে নানা অপরাধে জড়িয়ে পড়েন। ২০১৪ সালের পর তার দাপট আরও বেড়ে যায়। ২০১৬ সালের ১৯ মে সংসদ সদস্যের স্টিকারযুক্ত গাড়ি চালিয়ে রুমন শ্যামনগরের বরসা রিসোর্টে যান।

সেখানে রাতে তিন তরুণীকে নিয়ে তিনি বেসামাল হয়ে পড়েন। এজন্য তাকে কয়েকদিনের জন্য কারাবাস ভোগ করতে হয়। ২০১৭ সালের ১৭ জানুয়ারি ব্যবসায়ী সিরাজুল ইসলামের কাছে রুমন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।

পরে তাকে ভোমরায় নিয়ে তিনি ২৫ হাজার টাকা ছিনিয়ে নেন। একই বছরের ৭ জুলাই সহযোগী গোল্ড মিলনের সঙ্গে ভারতীয় গরু ব্যবসায়ী সাহেব আলিকে মারধর ও জিম্মি করে রুমন নগদ টাকা ও চেক কেড়ে নেয়।

১৩ আগস্ট রুমন তার মাদকাসক্ত স্ত্রী টুম্পাকে এক যুবকের পাশে বসিয়ে ছবি তুলে ব্ল্যাক মেইলিং করার চেষ্টা করেন। এ নিয়ে তার বিরুদ্ধে মামলা হয়।

১৬ সেপ্টেম্বর জেলা যুবলীগ নেতা জুলফিকার আলি উজ্জ্বলকে রুমন রড দিয়ে মারধর করে আহত করে। সর্বশেষ ১৯ নভেম্বর রাতে ইয়াবা সেবন অবস্থায় ধরা খেয়েও মায়ের ক্ষমতার জোরে বেরিয়ে গেলেন রুমন।

এসএম