মাগুরায় অন্তঃসত্ত্বা মা নাজমা খাতুনের পেটে গুলি করে গর্ভের সন্তানকে আহত করা ও তার চাচা মমিন ভূঁইয়াকে হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সেন সুমন গ্রেপ্তার হয়েছে।
রবিবার ভোররাতে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে সেন সুমনকে গ্রেফতার করা হয়। সুমন মাগুরা জেলা শাখা ছাত্রলীগের সহ সভাপতি।
সুমনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা জেলা পুলিশের এসপি এ কে এম এহসান উল্লাহ।
গত ২৩ জুলাই বিকালে মাগুরা শহরের দোয়ারপাড়ায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ভুঁইয়া পক্ষের সাথে ছাত্রলীগের সাবেক কর্মী আজিব্বর শেখ ও মুহম্মদ আলী পক্ষের মধ্যে সংঘর্ষ ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এ সময় বাড়িতে ঢুকে অন্তঃসত্ত্বা মা নাজমা খাতুনের (৩০) পেটে গুলি করে ছাত্রলীগ সন্ত্রাসীরা। পেটে বাচ্চার দোহাই দিয়েও হামলাকারীদের হাত থেকে রেহাই পাননি তিনি।
হামলাকারীদের বোমার আঘাতে নাজমার ৬৫ বছর বয়সী চাচা মমিন মিয়া ও চাপাতির কোপে মিরাজ শেখ নামে এক তরুণ আহত হন।
পরে নাজমা খাতুনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ হওয়ায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আট মাস বয়সী শিশুকে ভূমিষ্ঠ করানো হয়। রাত ৮টার দিকে তার অস্ত্রোপচার শুরু হয়। পরে রাত ১০টার দিকে শিশুটির জন্ম হয়।
শিশুটি জন্মের পর দেখা যায়, ছাত্রলীগের গুলি তার পিঠ দিয়ে ঢুকে বুকের ডান পাশ দিয়ে বের হয়ে গেছে। তার ডান চোখ এবং হাতেও আঘাত রয়েছে।
হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় নিহত মমিনের ছেলে রুবেল ভূইয়া ২৬ জুলাই মাগুরা সদর থানায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সেন সুমনকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
এসএইচ





