ঢাকার ধামরাইয়ে ঈদে নৌকা ভ্রমণে গিয়ে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার ভাড়রিয়া ইউনিয়নের মান্দারচাপ এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
মৃত শিফা আক্তার (১২) ও মীম আক্তার (১২) উপজেলার হাটিপাড়া জামালউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তাদের বাড়ি উপজেলার মান্দারচাপ এলাকায়।
জানা যায়, উপজেলার মান্দারচাপ এলাকার পাঁচ স্কুলছাত্রী সোমবার দুপুরে ঈদের আনন্দ উপভোগ করতে বিলে নৌকা ভ্রমণে যায়। ঝড়ো বাতাসে উত্তাল ঢেউয়ে নৌকাটি হঠাৎ উল্টে বিলের মাঝখানে ডুবে যায়।
পরে স্থানীয় লোকজন ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাদের উদ্ধার করতে এগিয়ে আসেন। তবে উদ্ধারকারীরা আসার আগেই শিফা আক্তার ও মীম আক্তারের মৃত্যু হয়।
উদ্ধারকর্মীরা বাকি তিনজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে তাদের অবস্থাও আশঙ্কাজনক।
এ ব্যাপারে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, নৌকাডুবির ঘটনায় দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে। অপর তিনজন চিকিৎসাধীন।
ধামরাই থানার ওসি পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করা হয় এলাকাবাসীর সার্বিক সহায়তায়। তাদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
এমআর





