ছয় মাস পর ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে দেশে এসেছে ১০ লাখ ডোজ কোভিশিল্ড টিকা।

শনিবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই চালান এসে পৌঁছে।

ভারত থেকে আবার টিকা আসার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা শামসুল হক।

সম্প্রতি ভারত সরকার টিকা রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে অনুমতি দেওয়ার পর ১০ লাখ ডোজ করোনার টিকা বাংলাদেশে এসেছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে চুক্তি অনুযায়ী এসব টিকা এসেছে বলে জানানো হয়েছে। সেই টিকা দিয়েই দেশে প্রথম গণটিকাদান শুরু হয়।

ভারতে সংক্রমণ বেড়ে যাওয়ায় ভ্যাকসিন উৎপাদক সংস্থাটি দেশীয় চাহিদা মেটাতে এপ্রিল মাসে রফতানি বন্ধ করে দিয়েছিল।

অ্যাস্ট্রাজেনেকা দ্বারা উৎপাদিত ভ্যাকসিনের ৩ কোটি ডোজ টিকা কেনার জন্য বাংলাদেশ সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এসআইআই) সাথে চুক্তি করেছে। চুক্তি অনুসারে বাংলাদেশের প্রতি মাসে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়ার কথা ছিল। তবে চুক্তির মাধ্যমে বাংলাদেশ এখন পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের মাত্র ৭০ লাখ ডোজ টিকা পেয়েছে।

এমবি