ফরিদপুরে একটি মোটরসাইকেল চুরি করে পালানোর পথে গণপিটুনিতে এক তরুণ নিহত ও ২ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায়।
নিহত তরুণের নাম আলামীন মোল্লা (২২)। তিনি ফরিদপুর সদর উপজেলার বিল মাহমুদপুর হাজি ভুমুরর্দি ব্যাপারীডাঙ্গি গ্রামের বাচ্চু মোল্লার ছেলে।
আহতরা হলেন বোয়ালমারী উপজেলার গুণবহা কামার গ্রামের ওবায়দুর মোল্লা (২৫) ও ফরিদপুর শহরের টেপাখোলা লেকপাড় এলাকার আমীর মীর (২৬)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পাশের চরভদ্রাসন উপজেলার চর ওমরাপুর গ্রামের মুকুল মণ্ডল দুপুরে তার পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি নিয়ে গ্রামের মসজিদে নামাজ পড়তে যান। নামাজ পড়ে বের হয়ে তিনি মোটরসাইকেলটি দেখতে না পেয়ে চোর ধরার জন্য কয়েকজন সঙ্গী নিয়ে দুটি মোটরসাইকেল চালিয়ে ফরিদপুর-চরভদ্রাসন সড়ক দিয়ে ফরিদপুরের দিকে রওনা হন।
গজারিয়া বাজার এলাকায় এলে তিনি তাঁর মোটরসাইলেসহ দুটি মোটরসাইকেলে তিনজনকে ফরিদপুরের দিকে যেতে দেখেন। তখন তাঁরা চিৎকার দিলে গজারিয়া বাজারের শাহজাহানের করাতকলের শ্রমিকরা পালিয়ে যাওয়া দুটি মোটরসাইকেলে কাঠ ছুড়ে মারেন।
এ সময় দুটি মোটরসাইকেলই রাস্তার ওপর পড়ে যায়। তখন এলাকাবাসী এসে ওই তিন তরুণকে গণপিটুনি দিয়ে তাঁদের পুলিশে সোপর্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দে জানান, পুলিশ চুরি করে নেওয়া মোটরসাইকেলটিসহ গণপিটুনিতে আহত মুমূর্ষু অবস্থায় ওই ৩ তরুণকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকেল সাড়ে ৩টার দিকে আলামীন মোল্লা মারা যান।
তিনি বলেন, এ ঘটনায় মোটরসাইকেলের মালিক মুকুল মণ্ডল মোটরসাইকেল চুরির দায়ে একটি এবং পুলিশ বাদী হয়ে গণপিটুনিতে নিহত হওয়ায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
এমবি





