মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় নাজমা খাতুন (৩০) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধু বন্দুকের গুলিতে গুরুতর আহত হয়েছেন। একই সঙ্গে মিরাজ ও মমিন নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশংকাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েক মাস ধরে শহরের দোয়ারপাড় এলাকায় যুবলীগ নেতা কামরুল ভুইয়া এবং আজিবর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রতিপক্ষরা কামরুল ভুইয়ার বাড়িতে হামলা চালায়।
এ সময় এলোপাতাড়ি ছোড়া গুলিতে কামরুল ভুইয়ার বড় ভাই বাচ্চু ভুইয়ার স্ত্রী অন্তঃসত্ত্বা নাজমা খাতুনের পেটে এবং মিরাজ (২৮) ও মমিন (৩০) নামের দুই যুবকের পায়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তঃসত্ত্বা নাজমার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে এই ঘটনার পরপর কামরুল ভুইয়ার সমর্থকেরা আজিবরের একটি মোটরসাইকেলসহ দুটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে বলে যুবলীগ কর্মী আজিবর দাবি করেছেন।
উল্লেখ্য, এর আগে বুধবার বিকেলে ওই দুই পক্ষের বিবাদের সূত্র ধরে আলমগীর (২৫) নামের এক যুবক প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আসাদুজ্জামান বলেন, নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমআর





