শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা থাকবে ও উন্নয়ন হবে। আগামীতে বাংলাদেশ একটি উন্নত দেশ হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

শনিবার দুপুরে খুলনা শহীদ হাদিস পার্কে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন খুলনা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, গ্রাম পুলিশ সদস্যদের মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে। মাদক যুব সমাজের ধ্বংস করছে। যুব সমাজসহ আমাদের সকলকে মাদক, জঙ্গী, বাল্যবিবাহ ও সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা খাদ্য ঘাটতি পূরণ করে বর্তমানে খাদ্য, পোষাক ও জাহাজ রফতানি করছি। আর পাকিস্তানিরা রফতানি করছে জঙ্গী। এজন্যই পাকিস্তান হচ্ছে সন্ত্রাসী দেশ। ২০৩০ সালের মধ্যে অর্থনৈতিকভাবে পৃথিবীতে যে ৩০টি দেশ শীর্ষে অবস্থান করবে বাংলাদেশ সেই অবস্থানে চলে যাবে। এটা এখন আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে।
বর্তমান সরকাকে শ্রম বান্ধব সরকার উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব শ্রেণী-পেশার মানুষের জন্যই দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। সকল শ্রেণী-পেশার মানুষের মজুরি বৃদ্ধি করা হয়েছে। বর্তমান সরকারের আমলে শ্রমিকের মজুরি সর্বনিম্ন পাঁচ হাজার ৩০০ টাকা করা হয়েছে। গ্রাম পুলিশদের ভাতা দ্বিগুণ করে বর্তমানে ৩০০০/৩৪০০ টাকা করা হয়েছে। গ্রাম পুলিশদের সপ্তাহে এক দিন থানায় হাজিরা দেওয়ার জন্য যাতায়াত ও দৈনিক ভাতা তিনশ টাকা ভাতার আদেশ ইতোমধ্যে জারি হয়েছে।

খুলনায় সম্মেলনে গ্রাম পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন দাবি-দাওয়ার প্রেক্ষিতে মন্ত্রী বলেন, এগুলো প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে। মন্ত্রী আধুনিক গ্রাম পুলিশ হিসেবে গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ গ্রাম পুলিশ সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা গাজী ম. ম. আমজাদ হোসেন মিলন, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, সাবেক এসপি বীরবিক্রম মাহবুব উদ্দিন, খুলনা জেলা প্রশাসক নাজমূল আহসান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস এম শফিউল্লাহ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন 

মামুন/নাজিব