প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘খুব শিগগিরই জাপার যেসব সংসদ সদস্য মন্ত্রিসভায় আছেন তারা সকলেই পদত্যাগ করবেন।’

বুধবার দুপুরে রংপুরে তার বাসভবন ‘পল্লী নিবাস’- এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘এ বিষয়ে সংসদে বিরোধী দলের নেত্রী এবং তার স্ত্রী রওশন এরশাদও একমত পোষণ করেছেন। এমনকি আমেরিকার দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রি নিশা দেশাইকেও একই কথা বলেছেন রওশন। ফলে মন্ত্রিসভা থেকে জাপার সদস্যরা যে কোনো সময় পদত্যাগ করবেন এটা নিশ্চিত।’

এর কারণ হিসেবে তিনি জানান, জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে অবমূল্যায়ন, প্রধান বিরোধী দল হিসেবে বিভিন্ন সময় হেয় প্রতিপন্ন এবং জাতীয় সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জাতীয় পার্টির সাংসদদের অবজ্ঞার কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

সে সময় এরশাদ পিএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রাইমারি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়। তাহলে আমরা ছোট ছোট বাচ্চাদের কোথায় নিয়ে যাচ্ছি? দেশ কোথায় যাচ্ছে? এটা দেশবাসির কাছে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।’

এরশাদ বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগ নিজেদের মধ্যে মারামারি খুনোখুনি করছে। শিক্ষককে হত্যা করা হচ্ছে। এসব প্রতিরোধে সরকারের কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।’

দেশের মানুষ শান্তিতে নেই উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সে কারণে দেশের জনগণ পরিবর্তন চায়। আওয়ামী লীগ ও বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। জনগণ বুঝতে পেরেছে জাতীয় পার্টি ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে বাস করতে পারবে।’

তিনি রংপুরে জাতীয় পার্টিতে কোনো কোন্দল নেই বলে দাবি করে বলেন, ‘আগামী নির্বাচনে সকল আসনে আমার দলের প্রার্থীরা জয়ী হবে।’

এর আগে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ এরশাদ। সেখান থেকে মোটর শোভাযাত্রা করে তিনি রংপুরের দর্শনা এলাকায় তার নিজ বাস ভবন পল্লী নিবাসে এসে পৌঁছান। সেখানে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।

এসময় জেলা জাপার সদস্য সচিব হোসেন মকবুল শাহারিয়ার, মহানগর আহ্বায়ক মোস্তফা, সদস্য সচিব ইয়াসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেআই