ময়মনসিংহে কোরবানীর পশুর হাটে এখনো তেমন জমে ওঠেনি বেচাকেনা। বিক্রেতারা পশুর দাম কম বললেও ক্রেতারা বলছেন বেশী। অন্যদিকে ইজারাদাররা জানান, এবার অনেক অবৈধ হাট বসায় বৈধ হাটে বেচাকেনা কমে গেছে। তবে শেষ মুহুর্তে বেচাকেনা বাড়তে পারে বলে আশা তাদের। কেনার চেয়ে দরদামেই ব্যস্ত ক্রেতারা। হাটে মাঝারি আকারের গরুর চাহিদা বেশী।

বিক্রেতারা বলছেন, এবার গরুর দাম কম থাকায় বিপাকে পড়েছেন তারা। গরুর লালন-পালন খরচ বেড়ে যাওয়ায় বর্তমান বাজার দরে লোকসানের মুখে পড়তে হবে তাদের। তবে বিক্রেতারা দাম কমের কথা বললেও ক্রেতাদের দাবি এবার গুরুর দাম অন্যান্যবারের চেয়ে অনেক বেশী। পছন্দমতো গরু পেলেও চড়া দামের কারণে কিনতে পারছেননা তারা ।

ঈশ্বরগঞ্জ পশুর হাটের ইজারদারের দাবি, এবার অনেক অবৈধ পশুর হাট বসায় সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি বৈধ হাটে বেচাকেনাও কমে গেছে। ঈশ্বরগঞ্জের পশুর হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষা এবং জাল টাকা শনাক্তকরণের কোনো তৎপরতা দেখা যায়নি।

রাজশাহী: রাজশাহীতেও এবার পশুর দাম চড়া।এতে ক্রেতারা পড়ছেন বিপাকে । গরু ব্যবসায়ীরা বলছেন,সীমান্ত বন্ধ থাকায় একদিকে ভারতীয় গরুর আমদানি কম। অন্যদিকে খাদ্য উপকরণরে মূল্য বাড়ায় দেশি গরুর দামও বশে। হাটে জাল নোট শনাক্ত মেশিনের ব্যবস্থার পাশাপাশি ক্রেতা বিক্রেতা যেন নির্বিঘ্নে পশুর বেচাকেনা করতে পারে সেজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃংঙ্খলা বাহিনী ও হাট ইজারাদাররা। দেশি গরুর পাশাপাশি ভারতীয় গরু ও মহিষের আমদানি রয়েছে হাটে।

পশুর দাম বাড়ায় ক্রেতারা পড়েছেন বিপাকে। তাই হাটে ঘুরে অনেক ক্রেতাই কাঙ্খিত কোরবানীর পশুটি কিনতে পারছেননা। এদিকে, মোটাতাজাকরণসহ বিভিন্ন রোগে আক্রান্ত গরু যেন হাটে বেচাকেনা না করতে পারে সেই লক্ষ্যে কোরবানীর পশুর স্বাস্থ্য পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে প্রাণীসম্পদ দপ্তর।

অন্যদিকে আইনশৃংঙ্খলা বাহিনী বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে হাট। পাশাপাশি ইজারাদারদের পক্ষ থেকে নেয়া হয়েছে জাল নোট শনাক্তকরণ মেশিনের ব্যবস্থা।

জেআই