জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. নাওকি ইতো।

এসময় বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক, নারীর ক্ষমতায়ন, জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ এবং মুজিববর্ষ নিয়ে আলোচনা করেন তারা।

স্পিকার বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর থেকে জাপান বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করে আসছে। দীর্ঘ পথপরিক্রমায় এই সম্পর্ক আজ অত্যন্ত সুদৃঢ়। ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার হবে।

শিরীন শারমিন আরও বলেন, বাংলাদেশের জনগণের অর্ধেক হচ্ছে নারী এবং তাদের অর্থনীতির মূলস্রোতে সম্পৃক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এসময় মুজিববর্ষ উপলক্ষে জাপানের স্পিকার ও মন্ত্রী পর্যায়ের নেতৃবৃন্দকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান স্পিকার।

জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বলেন, এএফপিপিডি গ্রুপ স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের অভিজ্ঞতা বিনিময়ের জন্য পারস্পরিক সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

এমবি