রাজধানীর রায়েরবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইয়াসিন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে।

শনিবার (২৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে রায়েরবাজারের নিমতলী এলাকার টালি অফিসের জরিনা স্কুলের পাশে বাংলা সড়কের গলিতে এই ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন নিমতলী এলাকায় একটি চায়ের দোকানে কাজ করত। সে একই এলাকায় থাকে বলে জানা যায়। 

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় দুর্বৃত্তরা ইয়াসিনকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।  তবে ওই কিশোরকে কী কারণে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, নিহত ইয়াসিনের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান বাচ্চু মিয়া।  

এমবি