হাসপাতালের মধ্যে গুলিবিদ্ধ এক ছাত্রলীগকর্মীকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিলেন চিকিৎসাধীন যুবলীগ নেতাকর্মীরা।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধের পর প্রতিপক্ষের হামলায় মাথা ফেটে যাওয়া ওই ছাত্রলীগকর্মীর নাম মো. সেলিম (২৩)। তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসার পরপরই প্রতিপক্ষ যুবলীগের আহত কর্মীরা তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে, রাজধানীর রামপুরা টিভি সেন্টারের সামনে বৃহস্পতিবার সকালে যুবলীগের হরতালবিরোধী মিছিলে ছাত্রলীগের হামলা ও গুলির ঘটনা ঘটে। এতে ছাত্রলীগকর্মী মো. সেলিম গুলিবিদ্ধ ও যুবলীগের পাঁচজন আহত হন।
যুবলীগের আহত কর্মীরা হলেন— সোয়েব উদ্দিন (২৭), জহির উদ্দিন (৩৫), জাহাঙ্গীর হোসেন (২৬), নিপু (২২) ও আরিফ হোসেন (১৮)।
ঘটনার পরপরই আহত যুবলী নেতাকর্মীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দুপুর ২টার সময় গুলিবিদ্ধ অবস্থায় সেলিম নামের ওই ছাত্রলীগকর্মীকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন প্রতিপক্ষরা তাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেন। পরে তাকে অন্য ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়।
রামপুরা থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুব আলম জানান, সকাল সাড়ে ১১টায় জামায়াত-শিবিরের ডাকা হরতালের প্রতিবাদে তারা মিছিল বের করেন। এ সময় ছাত্রলীগ হামলা চালায়।
তাদের লক্ষ্য করে গুলিও করা হয়। আরিফ নামে একজনের বাম হাতে গুলি লাগে। আহত অবস্থায় তাদের পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মিছিলের বিষয়টি অস্বীকার করে জানান, আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। গুলির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এমকে





