গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের বালারছিড়া-লক্ষ্মিপুর পর্যন্ত সড়কটি নিম্নমানের সামগ্রী দিয়ে মেরামত করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সুন্দরগঞ্জ থেকে লক্ষীপুর হয়ে গাইবান্ধা জেলা শহরের সাথে যোগাযোগ রক্ষাকারী একমাত্র সড়কটি মেরামতের জন্য জিইউবির অর্থায়নে প্রায় সোয়া ২ কোটি টাকা ব্যয়ে এলজিইডি দরপত্র আহবান করলে উপজেলার বালারছিড়া নামক স্থান থেকে সুন্দরগঞ্জ সীমানা পর্যন্ত ৩ প্যাকেজে প্রায় সাড়ে ৭ কিলোমিটার সড়কটি মেরামতের জন্য এসআর ট্রেডার্স গাইবান্ধাসহ ৩ ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয়।
উপজেলা প্রকৌশলীর নজরদারিত্বে উদাসীনতার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে মেরামত কাজ অব্যাহত রেখেছে।
এনিয়ে এলাকাবাসী ইউএনও (ভারপ্রাপ্ত) হাবিবুল আলমকে মৌখিকভাবে অভিযোগ করলে তিনি ২ দফা অভিযান চালায়।
গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টা দিকে ইউএনও ও উপ-সহকারী প্রকৌশলী নেহারুল ইসলামকে সঙ্গে নিয়ে এসআর ট্রেডার্স এর প্যাকেজে ২য় দফা অভিযান চালিয়ে নিম্নমানের বিটুমিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্য মমতাজ আলীর জিম্মায় রাখেন।
এনিয়ে উপজেলা প্রকৌশলী আবুল মুনছের আলীর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মেরামত কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের উপর নজরদারী জোরদার করা হয়েছে। এছাড়াও অভিযোগ আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন তিনি।
এমআইএস





