চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার আগুনে পুড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

রবিবার ভোরে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের শাহজীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. সৈয়দ আহমদ (৩৫) রীণা আক্তার (২৮)।

ফায়ার সার্ভিস কর্মকর্তা নজরুল জানান, শাহাজীপাড়ার ওই বাসায় ভোর পৌনে ৪টার দিকে আগুন লাগার খবর পান তারা। কালুরঘাট ও লামারবাজার ফায়ার স্টেশনের ৪টি গাড়ি গিয়ে সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগুনে ৩টি বসতঘর পুড়ে গেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বলেন, বাকলিয়া থানার শাহজীপাড়ায় আগুনে ৩টি বসতঘর পুড়ে যায়। গভীর রাতে আগুন লাগায় ঘর থেকে দ্রুত বের হতে না পারায় গুরুতর আহত  হয় সৈয়দ আহমদ ও রীণা আক্তার।

আশঙ্কাজনক অবস্থায় আজ রবিবার ভোরে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এমবি