নিষেধাজ্ঞা অমান্য করে বাজারে ইলিশ মাছ বিক্রি করার দায়ে গোপালগঞ্জে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে।

বুধবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতি বাজারে ও জেলা শহরের বটতলা বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত মাছ ব্যবসায়ী সবুর বিশ্বাস (৩০)কে এক বছরের কারাদণ্ড ও কৃষ্ণ বিশ্বাস (২৭)কে জরিমানা করেন। পরে এই দুই ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার ৫৮ কেজি ইলিশ জন-সম্মুখে বিনষ্ট করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফি উল্লাহ জানান, টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রি করছিলেন ওই বাজারের মাছ ব্যবসায়ী সবুর বিশ্বাস। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ কেজি ইলিশ মাছ জব্দ ও বিনষ্ট করেন এবং ওই মাছ ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান।

সাজাপ্রাপ্ত সবুর বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের হেকমত বিশ্বাসের ছেলে।

অপরদিকে, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে শহরের বটতলা বাজারে কৃষ্ণ বিশ্বাস প্রকাশ্যে ইলিশ মাছ বিক্রি করছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৮ কেজি ৭’শ গ্রাম ওজনের ৪১টি ইলিশ মাছ জব্দ ও বিনষ্ট করা হয়। ওই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জারিফ