ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয় প্রদানের অভিযোগে এলজিইডি এর প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানের শাস্তির দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের কয়েকটি সংগঠন। পাশাপাশি ওয়াহিদুর রহমানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ারও দাবি জানান তারা।
জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার এক মানববন্ধনে এ সব দাবি জানানো হয়।
মানববন্ধনে কৃষি ব্যাংক মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠানিক কমান্ডের কমান্ডার এবং মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সদস্য সোহরাব হোসেন বলেন, ‘ওয়াহিদুর রহমানের ব্যাপক দুর্নীতির তথ্য ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর ভিত্তিতে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু ওয়াহিদুর রহমান প্রভাব খাটিয়ে এবং অবৈধ টাকার জোড়ে তদন্তকে ব্যহত করার অপচেষ্টা চালাচ্ছেন।’
তিনি অভিযোগ করে বলেন, ‘ওয়াহিদুর রহমান দুদকের তদন্তকে নিজের পক্ষে নেওয়ার জন্য সরকারের উচ্চ মহলে দৌড়-ঝাপ শুরু করেছে।’
মানববন্ধনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, ‘ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেওয়ায় ইতোমধ্যে ছয়জন সচিবকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু ওয়াহিদুর রহমান বহাল তবিয়তে এখনও চাকরি করে যাচ্ছেন। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়ে এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।’
তিনি বলেন, ‘আমরা ওয়াহিদুর রহমানের মুক্তিযোদ্ধা সনদ অবিলম্বে বাতিল করে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাকে চাকরি থেকে বরখাস্তের দাবি জানাচ্ছি।’
জেআই





