ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিপিবি-বাসদ সমর্থিত মেয়র প্রার্থী বজলুর রশিদ ফিরোজকেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আশপাশের এলাকায় গণসংযোগ চালান তিনি।

ফিরোজ বলেন, এই ঢাকা শহর গড়ে ওঠে তৎকালীন শাসকদের দৃষ্টিভঙ্গি নিয়ে। বর্তমানেও ধনাঢ্য শ্রেণির দৃষ্টিভঙ্গি নিয়ে ঢাকা শহর পরিচালিত হচ্ছে। এর আয়তন বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, কিন্তু নাগরিক সুবিধা বাড়েনি। নির্বাচিত হলে তিনি ঢাকা শহরের নাগরিকদের অধিক সেবা দেবেন বলে অঙ্গীকার করেন।

এ সময় ঢাকা দক্ষিণের সিপিবি-বাসদ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের ওয়ার্ড কাউন্সিলরসহ বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্সসহ দেড় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এসএইচ