জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার জাতীয় সংসদ থেকে সদস্য পদ বাতিল ও শাস্তির দাবিতে রংপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্বৈরাচার বিরোধী গনঅভ্যুত্থানের সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ।

বুধবার সকাল, ১১ টায় নগরীর কাচারি বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে রাঙ্গার সম্পদের অনুসন্ধানের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তরা বলেন, দেশের মানুষের মুক্তির আন্দোলনে ১৯৮৭ সালে নুর হোসেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রভাগে ছিলেন। নিজের উদ্যোম গায়ে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান লিখে মিছিল নিয়ে যাওয়ার সময় স্বৈরাচার এরশাদ সরকারের পুলিশ বাহিনীর গুলিতে শহীদ হন।

তার শাহাদতে গোটা জাতি বিক্ষোভে ফেটে পড়ে। জনগণ রাজপথে নেমে আসে। এ কারণে এরশাদ সরকারের পতন ত্বরান্মিত হয়। দেশ ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গকারী নুর হোসেনের চরিত্র হনন করে বক্তব্য দিয়ে জাতীয় পার্টির মহাসচিব রাঙ্গা এ জাতির হৃদয়ে আঘাত করেছে।

তার বক্তব্যে গোটা জাতির হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। তাই তার দৃষ্টান্ত মূলক শাস্তি জাতি দাবি করছে।

এসময় আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, কমিউনিষ্ট পার্টি-সিপিবি, ওয়াকার্স পাটিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।

এএস