সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা বাজার থেকে ভিজিএফ কার্ডের ১২৯ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় গোডাউন মালিক শ্রামল দাসকে আটক করেছে পুলিশ।

জানা যায়, রবিবার দুপুরে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা বাজারে শ্যামল দাসের গোডাউনে অভিযান চালান। এ সময় উক্ত গোডাউন থেকে ঈদ উপলক্ষে ভিজিএফ কার্ডের ১২৯ বস্তা (ছয় হাজার চারশ কেজি) চাল জব্দ করে।

সরকারি চাল অবৈধভাবে গোডাউনে রাখার অপরাধে সোনাতলা গ্রামের মৃত ধিরেন্দ্র নাথের ছেলে গোডাউন মালিক শ্যামল দাসকে আটক করা হয়।

জব্দকৃত চাল সাঁথিয়া থানায় রাখা হয়েছে। উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ বাদি হয়ে মামলা দায়ের করেছেন। সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ১২৯ বস্তা চাল জব্দ করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, উদ্ধারকৃত চাল আমার পরিষদের নয়।

সৈয়দপুরে ১৮ বস্তা ভিজিএফ চাল আটক

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন থেকে ১৮ বস্তা ভিজিএফের চাল জব্দ করা হয়েছে। শনিবার বিকালে সৈয়দপুর ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গি গোপন সংবাদের ভিত্তিতে বাগানবাড়ি এলাকার ছাবিদুল ইসলামের বাড়ি থেকে চালের বস্তাগুলো জব্দ করেছে।

সৈয়দপুর ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গি জানান, আটক চালগুলো সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের হলরুমে জমা রাখা হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এম এ