মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ১২৫ বাংলাদেশিকে মঙ্গলবার ফেরত আনা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
শনিবার বিকালে এ তথ্য জানিয়েছেন বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এম আনিসুর রহমান।
তিনি বলেন, আগামী ২৫ অগাস্ট সকাল সাড়ে ১০টার দিকে মিয়ানমারের ঢেঁকিবনিয়ায় ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রি ডিপার্টমেন্টের সঙ্গে বিজিবির এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হবে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানান, বাংলাদেশি হিসেবে শনাক্ত হওয়া ১২৫ জনকে দেশে ফেরত আনতে আইওএম এর পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এসব বাংলাদেশিকে বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত চিকিৎসা ও যাতায়ত খরচসহ সব ধরনের মানবিক সহায়তা দেওয়া হবে।
“ফেরতের অপেক্ষায় থাকা ১২৫ জনের মধ্যে ১৪টি জেলার বাসিন্দা রয়েছে। এদের বেশির ভাগই কক্সবাজারের বাসিন্দা ও ২০/২৫ জন শিশু-কিশোরও রয়েছে।”
পঞ্চম দফায় দেশে ফেরত আসার অপেক্ষায় থাকা ১২৫ জনের তালিকায় নতুন করে ২/১ জন যোগ হতে পারে বলেও জানান তিনি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, ১২৫ বাংলাদেশিকে ঘুমধুম সীমান্ত থেকে বাস যোগে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে নিয়ে আসা হবে। তাদের ইমিগ্রেশন সংশ্লিষ্ট কাজ ও জিজ্ঞাসাবাদ শেষে বাড়ি পাঠানো হবে।
গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে ২০৮ জন এবং ২৯ মে আরও ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে দেশটির নৌবাহিনী। যার মধ্যে ৮, ১৯ জুন, ২২ জুলাই ও ১০ অগাস্ট চার দফায় ফেরত আনা হয় ৫০১ জনকে।
এএইচ





