রাজধানীর মিটফোর্ড এলাকার সরদার মেডিসিন মার্কেট ও আব্দুল আলী মেডিসিন মার্কেটে অভিযান চালিয়ে নকল ওষুধসহ ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসময় আটককৃত আব্দুল জলিলের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্রাদার্স মেডিসিন থেকে ৭২০ বোতল নকল জিনসিন প্লাস ঔষধ উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে সোমবার বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (দক্ষিণ) এর উপ-পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় এর নির্দেশে সহকারী পুলিশ কমিশনার মাহমুদা আফরোজ লাকী এর নেতৃত্বে একটি দল এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (দক্ষিণ) এর উপ-পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় জানান, যে কোনো ধরণের নকল ঔষধ প্রস্তুত বা বিক্রয়ের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা কঠোরভাবে দমন করা হবে।

এ বিষয়ে ইন্ট্রা ফার্মাসিউটিক্যালস লিমিটেড পক্ষে কোম্পানির প্রতিনিধি মো. শাহীন আলম সরকার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর ২৫-গ ধারায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ