চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে এক কিশোরকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম মো. অমি (১৮) বলে জানা যায়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের ঘুরয়াবাজার এলাকা থেকে নিহত অমির লাশ উদ্ধার করে পুলিশ।

অমি গোমস্তাপুর উপজেলার ফকিরপাড়া গ্রামের মো. কর্নেল মিয়ার ছেলে।

অমি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এবং সে র‌্যাবের ওপর হামলা মামলার আসামি বলে জানা গেছে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে অমিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা।

অমি প্রায় ১৫ দিন ধরে নিখোঁজ ছিল। তবে কেউ থানায় জিডি করেনি। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে নিহত অমির পরিবার দাবি করেছে, অমিকে আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। তবে এই অভিযোগ অস্বীকার করে তিনি জানান, এই বিষয়ে তার জানা নেই।

এসএইচ