পিরোজপুরের কাউখালী উপজেলার ৪৭ নং মধ্য শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা মোহাম্মদ ইউনুস মোল্লা সেই অধিকারে তিনি। দুই পা তুলে দিলেন টেবিলের উপর। তারপর শুরু হলো খবরদারি, অশালীন আচরণ।
গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। এ নিয়ে ওই বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শিক্ষকদের অভিযোগ, মো. ইউনুস মোল্লা গত কয়েকদিন ধরে স্কুলের শিক্ষকদের উপর অযথাচিতভাবে খবরদারি করে আসছেন। তিনি বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের চেয়ারে বসে টেবিলের উপর পা তুলে শিক্ষকদের নানারকম আদেশ নির্দেশ করতে থাকেন। একপর্যায়ে শিক্ষকদের সাথে বাকবিতণ্ডা হলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিনকে জুতা নিয়ে মারতে ওঠেন।
ভুক্তভোগী সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন জানান, জমিদাতা ইউনুস মোল্লা আজ বিদ্যালয়ে এসে তার কাছে স্কুলের স্টিল আলমিরার চাবি চান। তিনি চাবি দিতে অস্বীকার করায় তার উপর রেগে গিয়ে তাকে নানা রকম অশ্লীল মন্তব্য করেন এবং একপর্যায়ে ইউনুস মোল্লা তার পায়ের জুতা খুলে অন্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সামনেই তাকে মারতে উদ্যত হন।
ইউনুস মোল্লার চিৎকারে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকদের এ অপমানের বিচার চেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা আক্তার এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যালয়ের শিক্ষকরা এ ঘটনার বিচারের দাবি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন।
জানা যায়, বিদ্যালয়ের জমিদাতা মো. ইউনুস মোল্লা আমেরিকা প্রবাসী। তিনি গত কয়েকদিন আগে এলাকায় আসেন। গত ২ সেপ্টেম্বর তিনি বিদ্যালয়ে এসে শিক্ষক হাজিরা খাতা নিয়ে ওই খাতায় উল্টাপাল্টা মন্তব্য লেখেন। এরপর শিক্ষকদের নানাভাবে ধমকাতে থাকেন।
তিনি আরও জানান, গত ৩ সেপ্টেম্বরও তিনি স্কুলে এসে একইভাবে প্রধান শিক্ষকের চেয়ারে বসে জুতাসহ দুই পা টেবিলের উপর তুলে বসেছিলেন।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হাকিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, উপযুক্ত কর্তৃপক্ষ ছাড়া শিক্ষক হাজিরা খাতায় অন্য কেউ মন্তব্য লেখার অধিকার রাখেন না। এ বিষয়ে তার কাছে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
এএস





