অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রাজধানীর শাহজাহানপুরে সোলেমান খান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। জানা গেছে তিনি কমলাপুর রেলস্টেশনের লোকোমাস্টার হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সোলেমান খানকে শাহজাহানপুর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।
জানাগেছে, নিহত সোলেমান খান জামালপুর সদর উপজেলা এলাকার মৃত মফিজউদ্দিনের ছেলে। তিনি রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে বসবাস করতেন।
এছাড়া রাজধানীর পৃথক ঘটনায় বিভিন্ন এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আরো ছয় জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা হলেন,সাইফুল ইসলাম (২৪), কামাল (২০), ইব্রাহিম (২৫), আলমগীর (৪৫) ও অজ্ঞাত পরিচয়ে দুইজন। তারা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের সোলেমানের স্ত্রী রাজিয়া জানান,নিহত সোলেমান খান রাজধানীর কমলাপুর রেলস্টেশনে লোকোমাস্টার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার তিনি শাহজাহানপুর এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়লে পথচারীরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ওই ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক নাহিয়ান আকবর জানান,বিষক্রিয়ার কারণে তার মৃত্যু হয়েছে। মেডিকেল ক্যাম্প পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়া আরো ৬ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা, জেইউ, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এমআর





