রাজধানীর গুলিস্তান এলাকায় রোববার বেলা ১১টা থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিসিসি)।

বেলা দেড়টা পর্যন্ত কমপক্ষে ২০০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়া ৩০ জন অস্থায়ী দোকানিকে জরিমানা করা হয়েছে।

ডিসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস সোয়েম বলেন, উচ্ছেদ হওয়া দোকানের মধ্যে ৫০ থেকে ৬০টি জামাকাপড়, জুতা ও ব্যাগের দোকান রয়েছে। এসব দোকানের মালামাল জব্দ করা হয়েছে।

গোলাপশাহ মাজার এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এরপর গুলিস্তান আন্ডারপাস এলাকা, মহানগর নাট্যমঞ্চের পশ্চিম পাশের সড়ক ও ফুটপাত, ঢাকা ট্রেড সেন্টারের চারপাশ, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচের অংশে অভিযান চালানো হয়। এসময় উচ্ছেদ করা দোকানের মালামালগুলো ডিসিসির কর্মীরা জব্দ করেন।

এসএইচ