নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভজন চন্দ্র দাস (২৩) হত্যা মামলায় গ্রেফতার দুই নারী হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার বিকালে নারায়ণগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও মাহমুদুল মহসীনের আদালতে গ্রেফতারকৃত রুমা-১ ও রুমা-২ জবানবন্দি দেন।
নিহত ভজন নরসিংদী জেলার মাধবদী থানার আনন্দী এলাকার বাসিন্দা। তিনি আড়াইহাজারে বান্টিবাজার এলাকার একটি বুটিক শপে কাজ করতেন।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল খেলা নিয়ে আড়াইহাজার উপজেলার বান্টিবাজার এলাকার সজল ও সঞ্জীবের সঙ্গে পাঁচ হাজার টাকা বাজি ধরেন বুটিক শপের কর্মচারী ভজন চন্দ্র দাস। পরে বাজিতে ভজন হেরে গেলেও টাকা দিতে টালবাহানা শুরু করেন।
তিনি জানান, এতে সজল ও সঞ্জীব বর্মন ক্ষিপ্ত হয়ে রুমা নামের দুই নারীকে দিয়ে প্রেমের ফাঁদ পেতে গত ১১ এপ্রিল ভজনকে ডেকে নেন। এরপর ভজনকে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে ফোন করে মোবাইলে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়। পরে ভজনকে শ্বাসরোধে হত্যা করে লাশ রূপগঞ্জ উপশহরের নদীর পাড়ে ফেলে দেয়া হয়।
এসআই মফিজুল ইসলাম আরও জানান, মোবাইল ফোনের সূত্র ধরে ২১ এপ্রিল রূপগঞ্জের ভুলতা এলাকা থেকে রুমা-১ ও রুমা-২ নামে ওই দুই নারীকে গ্রেফতার করা হয়।
এমএনজে





