গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় শামীম মিয়া (৩২) নামে মাদকাসক্ত এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত শামীম উপজেলার ফরিদপুর ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে শামীম মাদক সেবন করে আসছিলেন। প্রায়ই নেশার টাকার জন্য তার মাকে নানাভাবে অত্যাচার করতেন। এতে অতিষ্ঠ হয়ে তার মা আনোয়ারা বেগম ইউএনও বরাবরে লিখিত অভিযোগ করেন।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ইয়াবা সেবনকালে তাকে মিরপুর হাইস্কুল মাঠ থেকে সকালে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
দুপুরে শামীমকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এ রায় দেন। এরপর তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
ওএফ





