নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ দুর্ঘটনায় আটজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার ৭টার দিকে উপজেলার রংপুর ডোমার-পঞ্চগড় সড়কের অবিলের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুজনের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার খারিজা গোলনা নবাবগঞ্জ গ্রামে।

তাদের নাম- জহুরুল ইসলাম (৬৫) ও আনোয়ারা বেগম (৫৭)। আহতদের বাড়িও একই গ্রামে বলে জানা গেছে।

কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ জানান, জামাতা মারা যাওয়ার সংবাদ পেয়ে মাইক্রোবাসযোগে (ঢাকা মেট্রো চ ১১-৯৫৮২) বগুড়ার মোকামতলায় সপরিবারে যাচ্ছিলেন জহুরুল ইসলাম। মাইক্রোবাসটিতে চালকসহ ১১ যাত্রী ছিলেন। আজ সকাল ৭টার দিকে অবিলের বাজারে মাইক্রোবাসটি পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা নাইট-কোচ আজিজ ট্রাভেলসের (ঢাকা মেট্রো ব ১৪-৮৫৬৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা জহুরুল ইসলাম ও তার বোন আনোয়ারা নিহত হন। আহত হন মাইক্রোবাসের চালকসহ ৯ জন।

রংপুর মেডিকেলে আরও একজন মারা গেছেন জানিয়ে ওসি হারুন অর রশীদ বলেন, তার নাম জানা যায়নি।

কিশোরগঞ্জ দমকল বাহিনীর ইনচার্জ মো. রেদওয়ানুজ্জামান বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করি। আহতদের রংপুর হাসপাতালে পাঠিয়ে দিই।

এমআর