ঈদকে সামনে রেখে আশুলিয়ায় গরু ছিনতাইকারী ও প্রতারকচক্রের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে আশুলিয়ার এনায়েতপুর এলাকা থেকে গরুর ট্রাক ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজনকে এবং জামগড়া থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ লাইফওয়ে প্রাইভেট লিমিটেড নামের একটি এমএলএম কোম্পানির চার প্রতারককে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটক গরু ছিনতাইকারীচক্রের সদস্যরা হলেন- শফিকুল ইসলাম (৪৫), আলতাব হোসেন (২৩), বিজয় মহত্ব (২৬) ও হজরত আলী (৩২)। প্রতারণার অভিযোগে আটকরা হলেন- হাসান আলী (৩৭), মো. মামুন (৩০), ওসীম চন্দ্র দাস (৩০) ও মামুনুর রশিদ (৩০)।

এ ব্যাপারে ঢাকা জেলা সহকারী পুলিশ সুপার (সাভার সার্কেল) নাজমুল হাসান ফিরোজ জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে এই চক্রটি মহাসড়কে যান থামিয়ে গরু ছিনতাই করে আসছিলেন।

তিনি জানান, আশুলিয়ার এনায়েতপুরে গরু ছিনতাইয়ের প্রস্তুতিকালে ওই চারজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মহাসড়কে গরু ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন।

এএসপি নাজমুল হাসান ফিরোজ জানান, প্রায় ১২০০ মানুষকে চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরও চারজনকে আটক করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

জেআই