চট্টগ্রামের সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজে দলীয় কর্মীকে শিবির কর্মী সন্দেহে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

পুলিশ ইউসুফ উদ্দিন খোকা (২০) নামে ঐ ছাত্রকে আটক করে থানায় নিয়ে গেছে। ইউসুফ মহসিন কলেজের বিবিএস প্রথম বর্ষের ছাত্র ও কলেজ ছাত্রলীগের বিএসসি গ্রুপের কর্মী বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে ইউসুফ উদ্দিন খোকাকে কলেজ ক্যাম্পাস থেকে ধরে চকবাজার থানায় দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হুদা বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছাত্রলীগের অংশটি একজনকে শিবির কর্মী সন্দেহে ধরে আমাদের কাছে দিয়েছে।

আমরা যাচাইবাছাই করছি। আবার ছাত্রলীগের আরেকটি অংশ তাকে দলীয় কর্মী বলে দাবি করছে।

মাসুম/এমআর