ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। র্যাবেরও একটি টহল গাড়ি ভাঙচুর করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের টিএ রোডে এ ঘটনা ঘটে।
তবে এ সময় কোনো পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে র্যাব সদস্যদের পিটুনিতে আজ আবার আহত হয়েছেন বাংলানিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাসুক হৃদয়। তিনি ব্যথা নিরোধক ইনজেকশন নিচ্ছেন বলে জানিয়েছেন।
অন্যদিকে হামলা হয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী মাহমুদুল হকের বাসায়ও। এ সময় তার বাড়ির সামনে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এদিকে ১২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম জানান, পরিস্থিতি বিবেচনায় আরো দুই প্লাটুন বিজিবি বাড়ানো হয়েছে। বর্তমানে ছয় প্লাটুন বিজিবি শহরে টহল দিচ্ছে।
তিনি বলেন, বিজিবি চরম ধৈর্যের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষক করছে। আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে।
দুষ্কৃতকারীরা শহরে নৈরাজ্য সৃষ্টি করেছে। তবে জানমালের নিরাপত্তায় জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি।
প্রসঙ্গত, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার মাদ্রাসাছাত্র, পুলিশ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত এবং একজন নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে শহরে তাণ্ডব চালাচ্ছে মাদ্রাসা ছাত্ররা।
এসএইচ





